শিলিগুড়ি , ৪ জুন : ভারত-নেপাল সীমান্তের পানিটঙ্কি পুরাতন সেতু সংলগ্ন বিআইটি চেকপোস্টে ৪১ নম্বর ব্যাটালিয়ন এসএসবির জওয়ানরা এক বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল । অভিযুক্ত ব্যক্তি নেপাল থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল । তার কাছে থাকা ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল।
এসএসবি সূত্রে জানা গিয়েছে , ধৃতের নাম মহম্মদ মুখতার হোসেন (৩৬)। সে বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জের মদন মোহনপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার নিয়মিত তল্লাশির সময় বিআইটি চেকপোস্টে তাকে আটক করা হয় ।
জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার পাসপোর্ট ও ভিসা দেখায় । নথি যাচাই করে জানা যায় , ওই ব্যক্তি ২০২৩ সালের ৩০ অগাষ্ট হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিল । তার ভিসার মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর। তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি প্রায় এক বছর কলকাতার নিউ মার্কেট এলাকায় অবৈধভাবে বাসবাস করেছে ।
তদন্তে আরও জানা যায় , কলকাতায় থাকাকালীন এক দালাল তাকে নেপাল হয়ে ইউরোপে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেয় । ওই দালালের সহায়তায় সে নেপালে পৌঁছায় ।
যদিও কীভাবে এবং কোন সীমান্ত পথ ব্যবহার করে তিনি নেপালে গিয়েছিল , সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি । গত প্রায় দেড় বছর ধরে তিনি নেপালে ওয়েল্ডারের কাজ করছিল। পরে ওই দালাল তার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ।
সম্প্রতি বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর খবর জানতে পেরে তার মা তাকে স্বেচ্ছায় আত্মসমর্পণের পরামর্শ দেন। সেই অনুযায়ী তিনি কাঠমান্ডু থেকে বাসে করে কাকরভিট্টা পৌঁছে পানিটঙ্কির পুরাতন সেতু দিয়ে হেঁটে ভারতে প্রবেশের চেষ্টা করে ।
এসএসবি , গোয়েন্দা সংস্থা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর যৌথ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়ার হয়েছে । তার বিরুদ্ধে বিদেশি আইন ও পাসপোর্ট আইনের ধারায় মামলা রুজু করা হচ্ছে বলে জানা গেছে ।

