শিলিগুড়ি , ২৪ অগাষ্ট : নেপালে পালিয়ে যাওয়ার আগে খড়িবাড়ি থানা পুলিশের হাতে গ্রেপ্তার এক আফগান নাগরিক |
নেপাল যাওয়ার আগে পানিট্যাংকি সীমান্তে গ্রেপ্তার করা হয় তাকে । ধৃতের নাম আব্দুল্লাহ খান। একইসঙ্গে তার এক ভারতীয় বন্ধুকেও গ্রেপ্তার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , আব্দুল্লাহ খানের বিরুদ্ধে আগে থেকেই ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের পক্ষ থেকে লুকআউট নোটিস জারি করা ছিল । পানিট্যাংকিতে নেপালের অভিবাসন দপ্তরে গিয়ে নথিপত্র যাচাইয়ের সময় বিষয়টি পুলিশের নজরে আসে। তার পরেই গ্রেপ্তার করা হয় আব্দুল্লা খান কে ।
তল্লাশি চালিয়ে আব্দুল্লাহ খানের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট , আধার কার্ড , ব্যাংকের বই এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নথিগুলি কীভাবে তার কাছে এল , আফগানি নাগরিক হয়েও ভারতীয় ডকুমেন্ট কিভাবে তৈরি করল এবং কোথা থেকে তৈরি করল সমস্ত কিছুর তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে , ধৃতদের বিরুদ্ধে নথিপত্র জালিয়াতি , প্রতারণা এবং ইমিগ্রেশন অব ফরেনার্স অ্যাক্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ ধৃত আফগানি নাগরিক এবং তার ভারতীয় বন্ধুকে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় খড়িবাড়ি থানা পুলিশের পক্ষ থেকে ।
