শিলিগুড়ি , ২৪ অক্টোবর : রাতে বেপরোয়া বাইকের ধাক্কায় নিহত হলেন এক সিভিক ভলান্টিয়ার। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার বেলাকোবার বটতলা ও বাবুপাড়ার মধ্যবর্তী এলাকায়।
সিভিক ভলান্টিয়ারের নাম আজিজুল হক (৩৪)। যুবকের বাড়ি বেলাকোবার বাবুপাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , শুক্রবার রাতে দ্রুতগতিতে একটি বাইক আসছিল। সেই সময় আচমকাই বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। অভিযোগ, বাইকের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর জখম হন ওই সিভিক ভলান্টিয়ার। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ।

