November 26, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

Demand : নাগরিক অধিকার রক্ষার দাবি

শিলিগুড়ি , ২৬ নভেম্বর : সংবিধান দিবসে গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার দাবিতে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ির রাজপথ । বৃহস্পতিবার ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে সংবিধান বাঁচানোর দাবিতে শহরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে শিলিগুড়ি ও দার্জিলিং জেলার পাশাপাশি জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহার—উত্তরবঙ্গের এই চার জেলার অসংখ্য কংগ্রেস কর্মী ও সমর্থকরা একজোট হয়ে পা মেলান ।


হাতে জাতীয় পতাকা ও ভারতের সংবিধানের প্রতিকৃতি নিয়ে এদিন শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করেন আন্দোলনকারীরা । মিছিল ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো । কংগ্রেস নেতৃত্বের অভিযোগ , বর্তমানে দেশের সংবিধান ও সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার বিপন্ন হয়ে পড়েছে । রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে সংবিধান রক্ষার যে আন্দোলন চলছে , তারই অঙ্গ হিসেবে এদিন উত্তরবঙ্গের চার জেলার কর্মীরা শিলিগুড়ির রাজপথে নেমে প্রতিবাদ জানান ।


মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানান , যারা সংবিধান মানেন না বা প্রতিনিয়ত সংবিধান ধ্বংস করার চেষ্টা করছেন , তাদের বিরুদ্ধে এই লড়াই চলবে। গণতন্ত্র ও সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আগামী দিনে উত্তরবঙ্গ জুড়ে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *