শিলিগুড়ি , ২৫ নভেম্বর : খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে ফের মর্মান্তিক পরিণতি এক বন্য হাতির । খড়িবাড়ির চন্নাজোত এলাকায় চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একটি হাতির।
বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বুধবার রাতে খাবারের খোঁজে জঙ্গল ছেড়ে চন্নাজোত এলাকার একটি কৃষি জমিতে প্রবেশ করে হাতিটি । সেই সময় জমিতে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে সে । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই হাতিটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা । পাশাপাশি খড়িবাড়ি থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয় । কীভাবে জমিতে বিদ্যুতের তার ছিল এবং তার সংস্পর্শে এসে হাতিটির মৃত্যু হল , তা খতিয়ে দেখা হচ্ছে ।
এই ঘটনায় ফের একবার বন্যপ্রাণীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে । হাতি চলাচলের এলাকায় বিদ্যুৎ সংযোগের যথাযথ ব্যবস্থা না থাকলে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে । হাতি মানুষের সংঘাত কমানোর পাশাপাশি বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে আরও সতর্কতা ও নজরদারির দাবি উঠছে ।

