October 11, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Worker : বোনাসের দাবিতে পথ অবরোধ চা শ্রমিকদের

মালবাজার , ১১ অক্টোবর : দুর্গাপুজোর আগে ২০ শতাংশ বোনাসের দাবিতে পথে নামলেন ডুয়ার্সের মালবাজারের নিউ গ্লেনকো চা বাগানের শ্রমিকরা । বোনাস না পাওয়ার প্রতিবাদে নিউ মাল রেল ওভারব্রিজের কাছে ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা । শ্রমিকদের এই অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তার দু’দিকে গাড়ির দীর্ঘ লাইন জমে যায় । শেষ পর্যন্ত বাগান কর্তৃপক্ষের তরফে আগামী ১৬ অক্টোবরের মধ্যে ২০ শতাংশ বোনাস প্রদানের লিখিত আশ্বাস মেলার পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ , দুর্গাপুজো দোরগোড়ায় এসে গেলেও এখনও পর্যন্ত তারা নির্ধারিত ২০ শতাংশ বোনাস পাননি। বোনাস প্রদানের জন্য নির্ধারিত সময়সীমা গত ৫ অক্টোবর পেরিয়ে গেলেও বাগান কর্তৃপক্ষের তরফে বোনাস মেটানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি । ফলে পুজোর আগে আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন শ্রমিকরা |

শ্রমিকদের আরও অভিযোগ , তাদের প্রাপ্য বোনাস এককালীন মিটিয়ে দেওয়ার কথা থাকলেও বাগান কর্তৃপক্ষ ১২ শতাংশ ও ৮ শতাংশ এই দুই কিস্তিতে বোনাস দেওয়ার চেষ্টা করছিল । কর্তৃপক্ষের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা ।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে শ্রমিকদের সঙ্গে কথা বলেন মাল থানার আইসি পলজর ভুটিয়া । তার উদ্যোগে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু হয়। দীর্ঘ আলোচনার পর বাগান কর্তৃপক্ষের তরফে আগামী ১৬ অক্টোবর ২০ শতাংশ বোনাস প্রদান করা হবে বলে লিখিত আশ্বাস দেওয়া হয়।

এই লিখিত আশ্বাস পাওয়ার পরই অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনরত শ্রমিকরা। এরপর ধীরে ধীরে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *