শিলিগুড়ি , ১ জুন : শহরের অন্যতম ব্যস্ত হিলকার্ট রোড ও জংশন এলাকার যানজট কমাতে বড় পদক্ষেপ শিলিগুড়ি ট্রাফিক পুলিষের । এখন থেকে বিকেল পাঁচটার পর কলকাতা ,পাটনা ,রাঁচি ,অসম সহ বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার ভলভো ও বেসরকারি বাস আর জংশনের রাস্তা থেকে ছাড়বে না । সমস্ত বাস তেনজিং নোরগে বাস টার্মিনাসের ভিতর থেকেই যাত্রা শুরু করবে ।
রবিবার জংশন এলাকায় পরিদর্শনে যান ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ , অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সুবীর দত্ত এবং জংশন ট্রাফিক ইন্সপেক্টর রিদম সাহা । দীর্ঘদিন ধরে জংশন এলাকায় রাস্তার উপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। সেই সমস্যার স্থায়ী সমাধান করতেই এই নতুন ব্যবস্থা চালু ।
উল্লেখ্য , এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। নতুন সরকার গঠনের পরও তাদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে আবেদন জানানো হয় । সেই আবেদনের প্রেক্ষিতেই প্রশাসন উদ্যোগী হয়ে নতুন ট্রাফিক ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ।
নতুন নিয়ম অনুযায়ী ,সকাল ৯টার পর কোনও দূরপাল্লার ভলভো বাস শহরের ভিতরে যাত্রী নামানোর জন্য প্রবেশ করতে পারবে না । তাদের পরিবহন নগরেই যাত্রী নামাতে হবে।প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ,পর্যটক এবং যাত্রীদের একাংশ । এরফলে জংশন ও হিলকার্ট রোডের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমবে।

