শিলিগুড়ি , ৩ এপ্রিল : দামি গাড়ির ব্যবহার করে ছাগল চুরির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল প্রধান নগর থানার পুলিশ । ধৃতদের নাম তুষার রায় , দেবজ্যোতি দেব ও কৃষ শীল। ধৃতদের মধ্যে তুষার ও দেবজ্যোতি বাঘাযতীন কলোনী এলাকার বাসিন্দা। কৃষ সমর নগর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , শনিবার সন্ধ্যায় করাইবাড়ির বাসিন্দা সাগর গজমের প্রধাননগর থানার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন । তিনি অভিযোগ করেন , বিকেলের দিকে একটি দামি গাড়ি থেকে চার জন নেমে প্রায় ৯ কেজির ছাগলকে তুলে নিয়ে পালিয়ে গিয়েছে । এরপর পুলিশ , সিসিটিভির সূত্র ধরে গাড়ির নম্বর বের করে বাঘাযতীন কলোনিতে থাকা গাড়ি মালিক গৌতম পালের সঙ্গে যোগাযোগ করে ।
এরপর গৌতমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে , ওই গাড়ি তুষার চালায় । এরপর বাঘাযতীন কলোনী এলাকাতেই থাকা তুষারের বাড়িতে অভিযান চালিয়ে জিজ্ঞাসা করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ছাগল চুরির বিষয়টি শিকার করে পুলিশ। এরপর দেবজ্যোতি ও কৃষকে গ্রেপ্তার করে পুলিশ । ঘটনায় আর কারা জড়িত আছে , তদন্ত করে দেখছে পুলিশ। ধৃত তিন জনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ ।

