April 11, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

BJP : উত্তরবঙ্গের একাধিক ইস্যুকে সামনে রেখে নির্বাচনী রণকৌশল বিজেপির

শিলিগুড়ি , ১১ এপ্রিল :আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের বিশেষ ইস্যু ও দলীয় ইস্তাহার তুলে ধরতে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করল বিজেপি । শিলিগুড়ি বিজেপি মিডিয়া সেন্টারে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা , রাজ্য সভার সাংসদ তথা প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ ও ২৬ নম্বর শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর ঘোষ ।

সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্ব উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলা , উন্নয়নের ঘাটতি , কর্মসংস্থানের সমস্যা এবং পরিকাঠামোগত পিছিয়ে পড়া নিয়ে সরব হন ।

রাজু বিস্তা বলেন , উত্তরবঙ্গকে আলাদা করে গুরুত্ব দিয়ে উন্নয়নের রূপরেখা তৈরি করেছে বিজেপি। পর্যটন , চা শিল্প , কৃষি এবং সীমান্ত এলাকার নিরাপত্তা সব ক্ষেত্রেই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

হর্ষবর্ধন শ্রিংলা তার বক্তব্যে বলেন , আন্তর্জাতিক বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির মাধ্যমে উত্তরবঙ্গকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে । একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার উন্নয়ন ও কৌশলগত গুরুত্ব নিয়েও তিনি আলোকপাত করেন ।

অন্যদিকে , ডঃ শঙ্কর ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়ে বলেন , শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষের মৌলিক চাহিদা পূরণে বর্তমান সরকার ব্যর্থ । তিনি প্রতিশ্রুতি দেন , বিজেপি ক্ষমতায় এলে শিলিগুড়ির সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে ।

এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিজেপি উত্তরবঙ্গকে কেন্দ্র করে তাদের নির্বাচনী রণকৌশল আরও স্পষ্ট করল বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *