শিলিগুড়ি , ১৩ এপ্রিল : বাংলা নববর্ষকে সামনে রেখে শিলিগুড়িতে আসছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি । আগামী ১৫এপ্রিল তিনি শহরে একটি বড় পদযাত্রায় অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে ।
এই কর্মসূচিতে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেবের সমর্থনে জনসংযোগ করবেন তিনি । শহরের জংশন এলাকা থেকে শুরু হয়ে পদযাত্রা হাশমিচক পর্যন্ত পৌঁছাবে । নববর্ষের দিন এই পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক ভিড়ের সম্ভাবনা থাকায় আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে দল ও প্রশাসন।
সোমবার পদযাত্রার সম্ভাব্য রুট খতিয়ে দেখতে এলাকায় পরিদর্শনে নামেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা । তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ইস্ট) রানা মুখার্জি , ট্রাফিক বিভাগের ডিসিপি কাজী শামসুদ্দিন,ডিসিপি হেডকোয়ার্টার তন্ময় সরকার সহ একাধিক পুলিশ আধিকারিক ।
এছাড়াও পরিদর্শনে অংশ নেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা । মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের সদস্যরাও গোটা এলাকা ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে নেন ।
শিলিগুড়ি হিন্দি হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামার কথা রয়েছে । সেই মাঠও এদিন পরিদর্শন করা হয় ।
ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান,সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে দলনেত্রীর সঙ্গে দেখা করতে পারেন,সেদিকে নজর রেখেই সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে ।
উত্তরবঙ্গ
ঘটনা
Siliguri : শিলিগুড়িতে মমতার পদযাত্রাকে ঘিরে শুরু প্রস্তুতি
- by Soumi Chakraborty
- April 13, 2026
- 0 Comments
- Less than a minute
- 158 Views
- 4 hours ago

