শিলিগুড়ি , ১৫ মার্চ : নেপালি ভাষা ও সংস্কৃতির অন্যতম পথ প্রদর্শক কবি ভানুভক্ত আচার্য এর স্মৃতিকে সম্মান জানিয়ে শিলিগুড়ির শালুগাড়ায় উন্মোচন করা হলো তার মূর্তি । শালুগাড়ায় নেপালি সাংস্কৃতিক সমিতির উদ্যোগে শালুগাড়ার বিএসএফ মোড়ে রবিবার এই মূর্তি উন্মোচন করা হয় ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব , মেয়র পরিষদ শোভা সুব্বা , জেপি কানোদিয়া , বিষ্ণু প্রসাদ শর্মা সহ নেপালি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ । মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে কবি ভানুভক্ত আচার্যের অবদানকে স্মরণ করা হয় এবং তার সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরা হয় ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় , দীর্ঘদিন ধরেই শালুগাড়া এলাকায় ভানুভক্ত আচার্যের একটি মূর্তি স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন নেপালি সম্প্রদায়ের মানুষ। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে ।
স্থানীয়দের মতে , নেপালি ভাষা ও সাহিত্যের বিকাশে ভানুভক্ত আচার্যের অবদান অনস্বীকার্য। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে সেই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । মূর্তি স্থাপনের ফলে এলাকার নেপালি সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ আনন্দের আবহ দেখা যায়।

