শিলিগুড়ি , ৫ মার্চ : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কয়েকদিন আগেই শহরে এসে পৌঁছায় তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হয়েছে রুট মার্চ ।
নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি রুখতে বাহিনীর এই টহল । বৃহস্পতিবার সেই চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। শিলিগুড়ির ব্যস্ত হিলকার্ট রোড সহ আশেপাশের এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নজরে আসে ।
সশস্ত্র জওয়ানদের কড়া নজরদারি ও টহলে কার্যত নিরাপত্তার বার্তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।
বাজার এলাকা , গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল অঞ্চলে বিশেষ নজরদারি চালানো হচ্ছে । স্থানীয় থানার পুলিশও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে । রুট মার্চ চলাকালীন সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল দেখা যায় ।
প্রশাসনের দাবি , অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ । সব মিলিয়ে নির্বাচনের দামামা বাজতেই চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল ।
