শিলিগুড়ি , ৫ মার্চ : শিলিগুড়িতে অত্যাধুনিক আদালত ভবন তৈরির আশ্বাস দিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক । বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে এসে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বহুদিন থেকেই শিলিগুড়িতে আধুনিক আদালত ভবনের দাবি জানিয়ে আসছিলেন আইনজীবীরা। সেই প্রেক্ষিতেই বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে উপস্থিত হন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি প্রথমে বার অ্যাসোসিয়েশনে গিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনমন্ত্রী জানান , রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নতুন কোর্ট বিল্ডিং তৈরি করেছে । জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের ভবনও রাজ্য সরকারের উদ্যোগেই তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন ।
তিনি আরও জানান , শিলিগুড়িতেও একটি ১০ তলা অত্যাধুনিক আদালত ভবন তৈরি করার পরিকল্পনা রয়েছে । তবে সেই কাজ শুরু করার আগে হাইকোর্টের অনুমতি প্রয়োজন। ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । হাইকোর্টের অনুমোদন পেলেই দ্রুত নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানান তিনি ।
আইনমন্ত্রীর এই ঘোষণায় শিলিগুড়ির আইনজীবী মহলে আশার সঞ্চার হয়েছে । বহুদিনের দাবি পূরণ হতে চলেছে বলে মনে করছেন তারা।
