শিলিগুড়ি , ২০ অগাষ্ট : নিজের ভাইয়ের বাইক চুরি যাওয়ার অভিযোগ জানিয়ে শেষ পর্যন্ত পুলিশের জালে অভিযোগকারী নিজেই ! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায়।
জানা গিয়েছে , গত ১৭ অগাষ্ট শুভম তিরকি তার নিজের ভাই সোনাম তিরকির বাইক নিয়ে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর প্রধাননগর থানায় গিয়ে তিনি অভিযোগ করেন, জংশন এলাকা থেকে বাইকটি খোয়া গিয়েছে ।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে প্রধাননগর থানার এন্টি ক্রাইম উইং-এর পুলিশ । তদন্তের স্বার্থে জংশন এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। আর সেই ফুটেজ দেখেই কার্যত চক্ষু চড়কগাছ পুলিশের ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, যে বাইকটি চুরি যাওয়ার অভিযোগ করা হয়েছিল , সেটি শুভম তিরকি নিজে জংশন এলাকায় কিছুক্ষণের জন্য রেখে যান। পরে আবার সেখানে ফিরে এসে তিনি নিজেই সেই বাইক নিয়ে চলে যান বলে পুলিশের তদন্তে উঠে আসে ।
এরপরই পুলিশ শুভম তিরকিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করে |
