শিলিগুড়ি , ৯ জুলাই : শিলিগুড়ি পুরনিগমের ৪৭ নম্বর ওয়ার্ডে পঞ্চানন নদীর বাঁধের ওপর অবৈধভাবে নির্মিত একটি দলীয় কার্যালয় বৃহস্পতিবার উচ্ছেদ করল পুরনিগম। প্রশাসনের উদ্যোগে বুলডোজার দিয়ে অভিযান চালিয়ে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়।
পুরনিগমে সূত্রে জানা গিয়েছে , নদীর বাঁধের ওপর অনুমতি ছাড়া নির্মিত হওয়া কার্যালয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি ছিল । নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর বৃহস্পতিবার সকালে পুরনিগমের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উচ্ছেদ অভিযান শুরু করেন। বুলডোজারের সাহায্যে অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ অবৈধ নির্মাণটি সরিয়ে দেওয়া হয়।
অভিযানকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় , তার জন্য ঘটনাস্থলে প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অভিযানের সময় প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও পুরনিগমের মধ্যে সমন্বিত ভূমিকা লক্ষ্য করা যায় ।
উচ্ছেদ অভিযানের সময় শিলিগুড়ি পুরনিগমের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন ।
স্থানীয়দের একাংশের দাবি , নদীর বাঁধের ওপর যেকোনও ধরনের অবৈধ নির্মাণ ভবিষ্যতে জলনিকাশি ব্যবস্থা ও বাঁধের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে। সেই কারণে প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
