শিলিগুড়ি ,৭ জুন : নারী পাচাররুখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন থেকে শুরু করে পাহাড়-সমতলের সমন্বিত উন্নয়নের লক্ষ্যে ‘হিমালয়ান হিল সিটি’ প্রকল্প সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল | রবিবার রাজের মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রথমবার উত্তরকন্যা প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নগরোন্নয়ন,পরিচ্ছন্নতা এবং সামাজিক সুরক্ষাকে সামনে রেখেই এই উদ্যোগগুলি গ্রহণ করা হয়েছে ।
মন্ত্রী জানান, উত্তরবঙ্গে নারী ও শিশু পাচার রোধে বিশেষ নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে । এর জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে | যেখানে প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজ করা হবে। সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও জোরদার করা হবে বলেও তিনি জানান ।
পাহাড় ও সমতলের মধ্যে পুরনিগমকে একত্রিত করে সমন্বিত নগর উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে । পর্যটন ,বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহণ,পানীয় জল এবং নাগরিক পরিষেবার উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের কথা ভাবা হচ্ছে ।
শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় কড়া পদক্ষেপের কথাও ঘোষণা করেন মন্ত্রী । তিনি জানান, আগামী ১ জুলাই থেকে নির্মল বন্ধুদের জন্য বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করা হবে । এর ফলে কর্মীদের উপস্থিতি ও কাজের স্বচ্ছতা আরও বাড়বে ।
এছাড়াও শহরের বিভিন্ন স্থানে নির্ধারিত ডাম্পিং পয়েন্ট ছাড়া অন্যত্র আবর্জনা ফেললে আগামী ১ সেপ্টেম্বর থেকে জরিমানা ধার্য করা হবে। নাগরিকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমেও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি ।