বালুরঘাট , ৮ জুন : রেলের পর এবার আকাশপথে দক্ষিণ দিনাজপুরকে যুক্ত করার উদ্যোগ , কেন্দ্রীয় বিমান মন্ত্রীর সঙ্গে বৈঠকে সুকান্ত মজুমদার |
দক্ষিণ দিনাজপুর জেলার সামগ্রিক উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার । রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রচেষ্টার পর এবার জেলার বহুদিনের দাবি বিমান পরিষেবা চালুর লক্ষ্যে সক্রিয় পদক্ষেপ নিতে দেখা গেল তাকে ।
সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ড. সুকান্ত মজুমদার। ওই বৈঠকে বালুরঘাট বিমানবন্দরকে ঘিরে সম্ভাবনা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়মিত বিমান পরিষেবা চালুর বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করেন তিনি ।
বৈঠক শেষে সুকান্ত মজুমদার জানান , বালুরঘাট থেকে বিমান পরিষেবা চালুর বিষয়টি কেন্দ্রীয় স্তরে ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে । প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শীঘ্রই এ বিষয়ে সুখবর মিলতে পারে বলেও তিনি আশাবাদী ।
জেলার মানুষ মনে করছেন, বিমান পরিষেবা চালু হলে দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে । ফলে জেলার উন্নয়নের গতিও আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল ।
