শিলিগুড়ি , ১৬ মার্চ : শিলিগুড়ি শহরে হঠাৎই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান | অবৈধ কল সেন্টার সংক্রান্ত মামলার তদন্তে ইডির প্রতিনিধিরা | ১৫ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার অতুলপ্রসাদ সরণি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় Enforcement Directorate (ইডি)।
সকাল থেকেই বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন থাকতে দেখা যায় । দুধমোড় এলাকার বাসিন্দা স্বপন ঘোষ নামে ওই স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতেই এই তল্লাশি চালানো হয় । হঠাৎ করে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপস্থিতিতে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয় । আশপাশের বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন ।
স্বপন ঘোষের খুদিরামপল্লী এলাকায় একটি সোনার দোকান রয়েছে । সেই ব্যবসা সংক্রান্ত কিছু নথি ও তথ্য খতিয়ে দেখতেই এই অভিযান বলে অনুমান করা হচ্ছে । তদন্তকারী আধিকারিকরা বাড়ির ভিতরে বেশ কিছু সময় ধরে তল্লাশি চালান । অভিযানের সময় নিরাপত্তার জন্য বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়।
পাশাপাশি স্থানীয় পুলিশও পরিস্থিতির ওপর নজর রাখে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে । তবে কোন মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে , সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি Enforcement Directorate ।
