শিলিগুড়ি , ২৫ নভেম্বর : রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে অভিযান শুরু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ । বুধবার শিলিগুড়ির শেঠ শ্রীলাল মার্কেটে আচমকাই অভিযান চালালো পানিট্যাংকি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা । পুলিশের এই অভিযানে অবৈধভাবে পার্কিং এবং রাস্তা দখল করে ব্যবসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়।
শিলিগুড়ির বিধান মার্কেট এবং শেঠ শ্রীলাল মার্কেট এমনিতেই ভিড়ে ঠাসা থাকে । ক্রমশই মার্কেটে বাড়ছে যানজট । অভিযোগ পেয়ে এদিন ট্রাফিক পুলিশ কর্মীরা দেখেন কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে নিজেদের পসরা সাজিয়ে দিব্যি ব্যবসা চালাচ্ছেন ।
এদিন পুলিশকর্মী অভিযানে গিয়ে সেই সমস্ত সামগ্রী সেখান থেকে সরিয়ে দেন । শুধু তাই নয় , এদিন বিধান মার্কেটে এবং শেঠ শ্রীলাল মার্কেটের বিভিন্ন জায়গায় অবৈধভাবে গাড়ি পার্কিং করা ছিল । পুলিশ কর্মীরা গিয়ে সেই সমস্ত অবৈধ পার্কিং সেখান থেকে সরিয়ে দেয় । পুলিশের তরফে জানানো হয়েছে যানজটের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে |
