শিলিগুড়ি , ১৩ জুন : শিলিগুড়ির গুরুঙ বস্তিতে আগামী ১৪ জুন এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ভানু ভক্ত সমিতি। বীর জওয়ান চক প্রাঙ্গণে গোরখা সমাজের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব বাঘবীর গুরুং ও পুন্যপ্রসাদ প্রধানের মূর্তি উন্মোচন করা হবে। একই সঙ্গে প্রকাশিত হবে স্মারকগ্রন্থ ‘চিনহারি–২০২৬’।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে , গুরুঙ বস্তি ও প্রধান নগরের প্রতিষ্ঠা ও বিকাশে বাঘবীর গুরুং এবং পুন্যপ্রসাদ প্রধানের গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করতেই এই উদ্যোগ । সমাজ গঠন , সাংস্কৃতিক বিকাশ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের ভূমিকা আজও অনুপ্রেরণা জোগায় বলে দাবি আয়োজকদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভানু ভক্ত সমিতির সভানেত্রী রেণুকা সুব্বা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে)। এছাড়াও সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, প্রতিমন্ত্রী বিশাল লামা এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ একাধিক বিশিষ্ট অনুষ্ঠানে যোগ দেবেন।
আয়োজকদের মতে, মূর্তি উন্মোচন এবং ‘চিনহারি–২০২৬’ প্রকাশের মাধ্যমে নেপালি ভাষাভাষী সম্প্রদায়ের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বার্তাও তুলে ধরা হবে। অনুষ্ঠানে সাহিত্যিক, সমাজকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে ।
