শিলিগুড়ি , ২ জুলাই : এক গাড়ি , কিন্তু তিনটি আলাদা রাজ্যের নম্বর প্লেট । তার ওপর গাড়ির ছাদের ভিতরে তৈরি করা হয়েছিল বিশেষ গোপন চেম্বার। সেই চেম্বার থেকেই উদ্ধার হল প্রায় ৪২ কিলোগ্রাম গাঁজা । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমার বাগডোগরা এলাকায় ।
গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ এশিয়ান হাইওয়ে-২-এর কেষ্টপুর এলাকায় বিশেষ অভিযান চালায় । অভিযানের সময় একটি সন্দেহভাজন চার চাকা গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয় । তল্লাশির সময় গাড়ির ছাদের ভিতরে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় ৪২কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয় । পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজা অসম থেকে এনজেপি হয়ে বিহারের পাটনায় পাচার করা হচ্ছিল । পাশাপাশি তল্লাশিতে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে । একই গাড়ির জন্য তিনটি ভিন্ন রাজ্যের নম্বর প্লেট উদ্ধার হয় ।
পুলিশের অনুমান , বিভিন্ন রাজ্যে পুলিশের নজর এড়াতে পাচারকারীরা আলাদা আলাদা নম্বর প্লেট ব্যবহার করত । সমগ্র অভিযানটি গেজেটেড অফিসার এসিপি অনির্বাণ মজুমদারের উপস্থিতিতে পরিচালিত হয় । অভিযানে বাগডোগরা থানার ওসি কল্যাণ শাহ ,সাদা পোশাকের দলের ওসি শমীক পাল সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা অংশ নেন।
ঘটনাস্থল থেকে প্রায় ৪২ কিলোগ্রাম গাঁজা , দুটি মোবাইল , ৭ হাজার টাকা নগদ সহ পাচারে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ । এই ঘটনায় বিহারের বাসিন্দা বিক্কি কুমার (২৩) ও প্রবীণ কুমার (২৬) কে গ্রেফতার করা হয়েছে ।
