শিলিগুড়ি , ২৪ ফেব্রুয়ারী : শিলিগুড়ি মহকুমার গান্ধী মোড় এলাকা থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেপ্তার করল পুলিশ |
সোমবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গান্ধী মোড় এলাকায় অভিযান চালায় দার্জিলিং জেলা পুলিশের ঘোষ পুকুর ফাঁড়ির পুলিশ । এরপর সেখানে বাইকে থাকা এক যুবককে আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার । এই ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত যুবকের নাম সুরজিৎ সরকার (৩৫)। সে দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার বাসিন্দা।
ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত যুবকের কাছ থেকে প্রায় ১০৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে । যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা । তবে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল বা কোথায় পাচারের ছক কষেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । ধৃত যুবকের বাইক বাজেয়াপ্ত করা হয়েছে ।
মঙ্গলবার ধৃত যুবককে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । উল্লেখ্য রবিবার বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ বিএসএফের এক ইন্সপেক্টরকে ও গ্রেপ্তার করে পুলিশ । মাদক সহ আরও এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । গত কয়েক মাসে বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ |
