শিলিগুড়ি , ২৬ মে : বর্ষা মরশুম শুরু হওয়ার আগেই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার । সেই লক্ষ্যেই মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলাকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক ।
বৈঠকে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।
বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার সাংসদ , বিধায়ক , জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা । পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও এসএসবির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন । প্রশাসনের তরফে বিভিন্ন বন্যাপ্রবণ এলাকার পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় ।
প্রতিবছর বর্ষার সময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বন্যা ও নদী ভাঙনের সমস্যার মুখে পড়ে । বিশেষ করে তিস্তা , মহানন্দা ও তোর্সা সহ বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পরিস্থিতিকে জটিল করে তোলে । সেই কারণেই আগাম প্রস্তুতির উপর জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে ।
এদিন বৈঠকে কোথায় ত্রাণ শিবির তৈরি করা হবে , কীভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সহায়তা কীভাবে নেওয়া হবে , সেই বিষয়গুলি নিয়েও বিস্তারে আলোচনা করা হয় । নিশীথ প্রামাণিক জানান , মানুষের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রশাসনের সমস্ত বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন নিশীথ প্রামাণিক ।
