October 9, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Demand : ফুলেশ্বরী রেলগেট বন্ধের সিদ্ধান্ত , কাঠগড়ায় রেল

শিলিগুড়ি , ৯ অক্টোবর : ফুলেশ্বরী সংলগ্ন ২৪ নম্বর ওয়ার্ডের রেলগেট বন্ধ করা নিয়ে সরব হলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য । শুক্রবার সাংবাদিক বৈঠক করে রেলের বিরুদ্ধে নিয়ম না মেনে গভীর রাতে রেলগেট বন্ধ করার অভিযোগ তোলেন তিনি । এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার , ডিআরএম কাটিহার এবং জেলাশাসককে চিঠি দেওয়ার কথা ও জানান তিনি।

অশোক ভট্টাচার্যের অভিযোগ , রেলগেট বন্ধ করার আগে প্রয়োজনীয় নির্দেশিকা মানা হয়নি । তার দাবি , রেলগেট বন্ধের আগে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ , জনসাধারণকে নোটিশ দেওয়া , ৩০ দিনের সময়সীমা নির্ধারণ এবং সাধারণ মানুষের মতামত ও আপত্তি গ্রহণের মতো প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। পাশাপাশি রাজ্য সরকার, জেলাশাসক ও পুরনিগমের মতামত নেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে দাবি করেন তিনি।

তার আরও বক্তব্য, কোনও রেলগেট বন্ধ করার আগে বিকল্প রাস্তা , সাবওয়ে , আন্ডারপাস বা ফ্লাইওভারের ব্যবস্থা সম্পূর্ণ করতে হয় । এরপর প্রয়োজনীয় সুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র নিয়েই রেলগেট বন্ধ করা উচিত। কিন্তু ফুলেশ্বরীর ক্ষেত্রে সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা , তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

অশোক ভট্টাচার্য জানান , প্রায় ২০ বছর আগে তার SJDA-র চেয়ারম্যান থাকাকালীন সংস্থার নিজস্ব অর্থে ওই আন্ডারপাস তৈরি করা হয়েছিল। তার দাবি , বিকল্প রাস্তা তৈরির জন্য রেলকে ৭৫ লক্ষ টাকাও দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও রেলগেট বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সামনে দুর্গাপুজো ফলে যান চলাচল ও জনসাধারণের দুর্ভোগ আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অবিলম্বে রেলগেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ব্যারিকেড সরিয়ে পুনরায় রেলগেট চালু করার দাবি জানান এদিন অশোক ভট্টাচার্য । তার হুঁশিয়ারি , দ্রুত রেলগেট চালু করা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *