জলপাইগুড়ি , ১০ সেপ্টেম্বর : জলপাইগুড়িতে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও বাংলাদেশি নথি উদ্ধার , গ্রেপ্তার মহিলা |
বৃহস্পতিবার জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্গত রায়কতপাড়া এলাকার ওয়াকারগঞ্জ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায় বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ। তল্লাশি চালিয়ে উত্তর রায়কতপাড়ার বাসিন্দা ৫২ বছর বয়সি পিপাসা হালদার ওরফে পিপাসা হিজরার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু সামগ্রী ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি দেশি আগ্নেয়াস্ত্র , তিন রাউন্ড তাজা গুলি , দু’টি খালি ম্যাগজিন , দু’টি বাংলাদেশি সিম কার্ড এবং বাংলাদেশ সরকারের জারি করা একটি জন্ম শংসাপত্র উদ্ধার হয়েছে ।
ঘটনায় ওই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার বিরুদ্ধে আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে । উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র , গুলি এবং বাংলাদেশি নথি কোথা থেকে এল এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে ।

