শিলিগুড়ি , ৭ সেপ্টেম্বর : শহরের যানজট নিয়ন্ত্রণে এবার টোটোর ওপর নজরদারি বাড়াচ্ছে শিলিগুড়ি ট্রাফিক । শহরকে ছয়টি নির্দিষ্ট রুটে ভাগ করে টোটোগুলিকে আলাদা পরিচয় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।
রুট ১ এর পর সোমবার রুট ২ এর টোটো চালকদের হাতে তুলে দেওয়া হল কিউআর কোড ও কমলা রঙের স্টিকার । ট্রাফিক পুলিশের এই ব্যবস্থায় প্রতিটি টোটো কোন রুটের জন্য নির্ধারিত , তা সহজেই চিহ্নিত করা যাবে । সোমবার মাল্লাগুড়িতে পুরনো প্রধাননগর থানা চত্বরে জংশন ট্র্যাফিক গার্ড ও পানিট্যাংকি ট্র্যাফিক গার্ডের উদ্যোগে রুট ২ এর চালকদের কিউআর কোড ও স্টিকার দেওয়া হয় ।
এদিন প্রায় এক হাজার চালককে দেওয়া হয় এই কোড । বাকি প্রায় এক হাজার চালকের হাতে মঙ্গলবার তুলে দেওয়ার কথা । রুট ২ এ পোস্ট অফিস মোড় থেকে মাল্লাগুড়ি পর্যন্ত টোটো চলাচলের নির্দিষ্ট রুট তৈরি করা হয়েছে । গোষ্ঠপাল মোড় , বিধান রোড , চার্চ মোড় , এয়ারভিউ মোড় , গুরুং বস্তি মোড় হয়ে সার্ভিস রোড দিয়ে মাল্লাগুড়ি সহ সেখান থেকে হিলকার্ট রোডের সার্ভিস রোড , এয়ারভিউ মোড় ও বর্ধমান রোড হয়ে জলপাই মোড় পর্যন্ত টোটো চলাচল করবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ , এডিসিপি (ট্রাফিক) পূর্ণিমা শেরপা, এসিপি (ট্রাফিক) সুবীর দত্ত সহ অন্য আধিকারিকরা।
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টোটো চালকদের একাংশ । তাদের মতে , কিউআর কোড ও স্টিকার থাকলে নির্দিষ্ট রুটের টোটো সহজেই শনাক্ত করা যাবে ও অযথা হয়রানির সম্ভাবনাও কমবে । তবে নির্দিষ্ট রুটে চলাচলের ফলে যাত্রীদের অতিরিক্ত পথ ঘুরে যেতে হলে পরিষেবায় তার প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন কয়েকজন চালক।

