শিলিগুড়ি , ৩ সেপ্টেম্বর : যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাজগঞ্জ ব্লকের গোড়ামোড়ে নতুন ট্রাফিক বুথ অফিস চালু হল । এনজেপি ট্রাফিক গার্ডের অধীনে এই নতুন ট্রাফিক বুথের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বৃহস্পতিবার।
এদিন ফিতা কেটে নতুন ট্রাফিক বুথের উদ্বোধন করেন ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা , এসিপি ট্রাফিক চন্দন দাস , এনজেপি থানার আইসি রঞ্জন দাস , এনজেপি ট্রাফিক গার্ডের ওসি সুরান্দার সিং নেগী সহ ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে এনজেপি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের ফুলের তোড়া দিয়ে স্বাগত ও সংবর্ধনা জানানো হয় । এরপর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন ট্রাফিক বুথ অফিসের উদ্বোধন করা হয় । এলাকার যান চলাচল ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ টোটো চালকদের ট্রাফিক আইন ও নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন ও উৎসাহিত করা হয় । তাদের হাতে তুলে দেওয়া হয় চকলেটের ব্যাগ । পুলিশের এই উদ্যোগকে ঘিরে টোটো চালকদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের স্থানীয়দের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়।
গোড়ামোড় এলাকায় প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণ যানবাহন চলাচল করে। ফলে নতুন ট্রাফিক বুথ চালু হওয়ায় ওই মোড় ও সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ,ট্রাফিক আইন কার্যকর করা সহ সাধারণ মানুষের যাতায়াত আরও সুশৃঙ্খল করার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

