May 23, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Raid : বেআইনি মদের বিরুদ্ধে অভিযান পুলিশ এবং আবগারি বিভাগের

শিলিগুড়ি , ২৩ মে : বেআইনি মদের বিরুদ্ধে বড় অভিযান শিলিগুড়ি পুলিশ এবং আবগারি বিভাগের । যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ , স্পিরিট এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ভোরের আলো থানার গজলডোবা আউটপোস্ট এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি ভাবে চোলাই মদ তৈরির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই যৌথ অভিযান চালায় পুলিশ ও আবগারি বিভাগ । অভিযানে অংশ নেন ডেপুটি এক্সাইজ কালেক্টর ভক্তিনগর রেঞ্জের আধিকারিকরা , সদর সার্কেল , নাগরাকাটা সার্কেল , মালবাজার সার্কেল , ময়নাগুড়ি সার্কেলের আবগারি কর্মীরা এবং গজলডোবা আউটপোস্টের পুলিশ।

সরস্বতীপুরের গুদাম লাইন, নোদাবাড়ি, নিপানিয়া, মনগড়া-সহ ভোরের আলো থানার বিভিন্ন এলাকায় একযোগে চলে তল্লাশি অভিযান। মোট পাঁচটি জায়গায় হানা দিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ বেআইনি মদ এবং মদ তৈরির সরঞ্জাম। পুলিশ ও আবগারি বিভাগ সূত্রে খবর, প্রায় ১২ লক্ষ ৪৭ হাজার টাকার মদ এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে ।

এছাড়াও প্রায় পাঁচ হাজার লিটার চোলাই মদ , বিপুল পরিমাণ স্পিরিট , ড্রাম , পাইপ , রাসায়নিক পদার্থ সহ মদ তৈরির বিভিন্ন উপকরণ ও বাজেয়াপ্ত হয়েছে । তদন্তকারীদের দাবি , বিভিন্ন বাড়িকে কার্যত ছোট কারখানায় পরিণত করে সেখানে বেআইনিভাবে তৈরি হচ্ছিল চোলাই মদ।

অভিযান চলাকালীন বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং কোথায় কোথায় এই মদ সরবরাহ করা হতো , তা খতিয়ে দেখছে পুলিশ ও আবগারি বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *