শিলিগুড়ি ,২ ফেব্রুয়ারী : শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের আরবান প্রাইমারী হেলথ সেন্টারে স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে নবনির্মিত অত্যাধুনিক এক্স-রে ইউনিটের উদ্বোধন করা হল ।
এই এক্স-রে ইউনিট চালু হওয়ায় এলাকার বাসিন্দাদের আর বাইরে গিয়ে ব্যয়বহুল পরীক্ষার জন্য ছুটতে হবে না । প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই মিলবে দ্রুত ও নির্ভরযোগ্য এক্স-রে পরিষেবা , যা রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন চিকিৎসকরা ।
এডিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট অতিথিরা । তারা ফিতা কেটে এক্স-রে ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এই উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ।
মেয়র গৌতম দেব জানান , শুধুমাত্র এক্স-রে ইউনিট নয়, খুব শীঘ্রই এই আরবান প্রাইমারী হেলথ সেন্টারে আরও বেশ কিছু আধুনিক চিকিৎসা পরিষেবার উদ্বোধন করা হবে । সেই লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এবং ধাপে ধাপে স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নত করা হবে ।
অত্যাধুনিক এই এক্স-রে ইউনিট পেয়ে খুশি এলাকাবাসী। তাঁদের মতে, পুরনিগমের এই উদ্যোগে সাধারণ মানুষের চিকিৎসা অনেক সহজ হবে এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা আরও বাড়বে ।

