শিলিগুড়ি , ৩ ফেব্রুয়ারী : শিলিগুড়ি শহরের রথখোলা মাঠের পিছনের একটি বাড়িতে চুরির ঘটনায় সাফল্য পেল পুলিশ । ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ |
পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত ১ জানুয়ারি ওই বাড়িতে চুরি হয় । বাড়ি থেকে কাঁসার বাসন , সোনা-রুপোর গয়না এবং নগদ অর্থ চুরি যায় । ঘটনার তদন্তে নেমে পুলিশ বাগরাকোর্ট এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে ।
ধৃতদের নাম গোপাল মণ্ডল (২৮) এবং পঙ্কজ বসাক (৩৪) । গোপাল মণ্ডল বাগরাকোর্ট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং পঙ্কজ বসাক টিকিয়াপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে , চুরির পর পঙ্কজ বসাক গোপাল মণ্ডলের বাড়িতে আত্মগোপন করেছিল।
তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে । পুলিশ গোপাল মণ্ডলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে । বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোপাল মণ্ডলকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে ।
ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না , তা খতিয়ে দেখছে পুলিশ ।

