March 30, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Crime : ফুটপ্রিন্ট ট্র্যাক করেই অভিযুক্তকে গ্রেপ্তার , সাত দিনের পুলিশ রিমান্ড

শিলিগুড়ি , ৩০ মার্চ : শিলিগুড়ির গুরুংবস্তিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় বড় সাফল্য । রবিবার প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে চেন্নাই থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলীকে । দীর্ঘদিন ধরেই পলাতক ছিল সে , তবে একাধিক গোয়েন্দা সূত্র এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে শেষমেশ তাকে পাকড়াও করা সম্ভব হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাক করেই অভিযুক্তের অবস্থান চিহ্নিত করা হয় । এরপর বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং বিমানে করে শিলিগুড়িতে নিয়ে আসা হয় ।

একইসঙ্গে এই ঘটনায় অভিযুক্তের দাদা সামির আলীকেও গ্রেপ্তার করেছে পুলিশ । রবিবার বিকেলে শিলিগুড়ির প্রধান নগর থানায় সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান ডিসিপি সামসুদ্দিন আহমেদ । উপস্থিত ছিলেন থানার আইসি বাসুদেব সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও ।

যদিও ঠিক কীভাবে অপারেশনটি সম্পন্ন হয়েছে , সে বিষয়ে বিস্তারিত জানাতে নারাজ পুলিশ—তদন্তের স্বার্থেই রাখা হচ্ছে গোপনীয়তা । পুলিশ জানিয়েছে , অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা রুজু করা হয়েছে ।

তদন্তের স্বার্থে ইতিমধ্যেই চার থেকে পাঁচটি বিশেষ টিম কাজ করছিল বলে জানিয়েছেন আধিকারিকরা । গ্রেপ্তারের ফলে গুরুংবস্তি কাণ্ডে তদন্তের গতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে | আজ তাদের আদালতে পেশ করলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় । অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে মৃত নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা আদালত চত্বরে বিক্ষোভ দেখান ।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে কড়া পুলিশি ব্যবস্থা ও তৎপরতা লক্ষ্য করা যায় । ঘটনায় শিলিগুড়ি জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *