শিলিগুড়ি , ২০ মে : উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন , প্রশাসনিক পরিকাঠামো শক্তিশালী করা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা হল উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে | দীর্ঘ সময় ধরে চলে এই বৈঠক | বৈঠক শেষে এদিন মুখ্যমন্ত্রী বেরিয়ে যান উত্তরকন্যা থেকে |
এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বৈঠকের একাধিক বিষয় তুলে ধরেন ।
তারা জানান , আগামী জুন মাস থেকেই রাজ্যে চালু হতে চলেছে ‘জয় রামজি’ নামে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে ।
পাশাপাশি জনস্বার্থে আরও একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় । মহিলাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সরকারি বাস পরিষেবায় বিশেষ সুবিধা চালু করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে । আগামী জুন মাস থেকে মহিলাদের সরকারি বাসে ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানানো হয় ।
অন্যদিকে বৈঠকে উঠে আসে শিলিগুড়ি পুরনিগম সংক্রান্ত একাধিক অভিযোগের বিষয়ও । সাংবাদিকদের সামনে দাবি করা হয় , পুরনিগমে বড়সড় দুর্নীতির অভিযোগ প্রশাসনের নজরে এসেছে । সেই অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় । খুব শীঘ্রই তদন্ত প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়।
এদিন আরও জানানো হয় , যেসব পুরনিগম এলাকায় এখনও নির্বাচন সম্পন্ন হয়নি , সেখানে বর্ষা পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে । প্রশাসনিক স্তরে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলেও সূত্রের খবর ।
এছাড়াও উত্তরবঙ্গের চা-বাগান অঞ্চলগুলির উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে । চা শিল্প এবং চা-বাগান নির্ভর এলাকার সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয় । এ ক্ষেত্রে অন্যান্য রাজ্যের সফল মডেল অনুসরণ করার বিষয়ে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় ।
সাংসদ ও বিধায়ক আরও জানান , উত্তরবঙ্গের উন্নয়নমূলক কাজগুলির অগ্রগতি নিয়মিত খতিয়ে দেখতে ভবিষ্যতে প্রতি মাসে একবার করে এই ধরনের প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হবে। পাশাপাশি পুলিশ , প্রশাসন এবং বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।
