শিলিগুড়ি , ৬ নভেম্বর : শুক্রবার উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ।
কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি । বিমানবন্দর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর সরাসরি আলিপুরদুয়ারের উদ্দেশে রওনা দেন তিনি । আলিপুরদুয়ারে পৌঁছে বিশ্রাম ও মধ্যাহ্নভোজের পর আলিপুরদুয়ার জংশনের রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কালীপুজোর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার । অনুষ্ঠান শেষে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন শমীক ভট্টাচার্য । রাতে শিলিগুড়িতে রাত্রি বাসের পর শনিবার বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে তার ।
উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের শিল্পায়ন ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । শুক্রবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি । বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শিল্প পরিস্থিতি বিনিয়োগের পরিবেশ এবং আগামী দিনে বাংলার অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে নিজের মতামত তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি।
শমীক ভট্টাচার্যের দাবি, অতীতে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ ছিল না। বিনিয়োগের ক্ষেত্রে রাজ্য কোনওভাবেই শিল্পপতিদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেনি।এর ফলে রাজ্যের পুঁজি অন্যত্র চলে গিয়েছে এবং শিল্পের বিকাশও বাধাপ্রাপ্ত হয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে বাংলার ভৌগোলিক অবস্থান এবং পরিকাঠামোগত সুবিধাকে কেন্দ্র করে নতুন করে বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
অনাবাসী ভারতীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যেও বাংলাকে ঘিরে আগ্রহ বাড়ছে।তবে শিল্পায়নের পথে যে কোনও ধরনের বাধা বরদাস্ত করা হবে না,সেই বার্তাও স্পষ্ট করে দেন শমীক ভট্টাচার্য । বিশেষ করে কারখানার বাইরে তোলাবাজি,গুণ্ডামি এবং সিন্ডিকেট রাজের মতো অভিযোগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।
