শিলিগুড়ি , ১১ অগাষ্ট : কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠে পার্কিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকেই শহরের রাস্তা ও গলিতে অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধ করতে সক্রিয় হল ট্রাফিক পুলিশ । মঙ্গলবার ক্ষুদিরাম পল্লী , বিধান রোড ও সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় ।
পার্কিং ব্যবস্থা উদ্বোধনের পরেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় , শহরের রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না।কিন্তু নির্দেশিকার পরেও শহরের বিভিন্ন অলিগলি ও রাস্তার ধারে বেশকিছু গাড়ি পার্কিং করতে দেখা যায়।সেই সমস্ত গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ।
এদিন পানিট্যাংকি ট্রাফিক গার্ডের আওতায় ক্ষুদিরাম পল্লী ও সংলগ্ন গলিতে অভিযান চালিয়ে একাধিক গাড়ি রিকভারি ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় । গাড়ির মালিকদের ও জরিমানা করা হয়েছে ।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ , তারা দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করছেন । অনেক বাড়ি ও বাণিজ্যিক ভবনের নীচে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে । কিন্তু তাদের দাবি, অনেক ক্ষেত্রেই প্রোমোটার বা ভবন কর্তৃপক্ষ সেই পার্কিংয়ের জায়গা বিক্রি করে দিয়েছেন । ফলে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের গাড়ি রাখার জন্য পর্যাপ্ত জায়গা থাকছে না । বাধ্য হয়েই রাস্তার ধারে তাদের গাড়ি রাখতে হচ্ছে বলে জানান।
এই নিয়ে অভিযানের সময় ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক পুলিশের বচসাও হয় । যদিও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয় , রাস্তা দখল করে গাড়ি রাখার ফলে যান চলাচলে সমস্যা তৈরি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।
