শিলিগুড়ি , ১২ মার্চ : সরকারি বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি , নির্ধারিত বৈধ ফি স্ট্রাকচার চালু এবং অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে এসডিও অফিস অভিযান করে এসএফআই (স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া) দার্জিলিং জেলা কমিটি ।
ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে এই কর্মসূচি সংগঠিত করা হয় । এদিন বিক্ষোভকারীরা দাবি তোলেন , চা বাগান এলাকার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সরকারি স্কলারশিপ ও স্টাইপেন চালু করতে হবে । পাশাপাশি তাদের শিক্ষার স্বার্থে একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করার দাবি জানায় তারা । এছাড়াও ছাত্রছাত্রীদের গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ারও দাবি তোলেন সংগঠনের সদস্যরা ।
তাদের অভিযোগ , বর্তমানে যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় বহু ছাত্রছাত্রী নিয়মিতভাবে বিদ্যালয়ে যেতে সমস্যার মুখে পড়ছে । এসডিও অফিসে গেলে বিক্ষোভকারীরা পুলিশের বাধার মুখে পড়েন ।
অভিযোগ , অফিসে প্রবেশের সময় পুলিশ প্রথমে গেট বন্ধ করে দেয় এবং ভিতরে ঢুকতে বাধা দেয় । এরপর এসএফআই কর্মীরা এসডিও অফিসের মূল ফটকের সামনে বসে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন । কিছুক্ষণ ধরে সেখানেই অবস্থান বিক্ষোভ চলতে থাকে এবং পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে কথা বলেন সংগঠনের নেতৃবৃন্দ।
