Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Bus : সরকারি বাসে মহিলারা আজ থেকে বিনামূল্যে যাতায়াত শুরু করলেন
উত্তরবঙ্গ ঘটনা

Bus : সরকারি বাসে মহিলারা আজ থেকে বিনামূল্যে যাতায়াত শুরু করলেন

শিলিগুড়ি , ১ জুন : পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন সরকার গঠনের পর রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো আজ থেকে রাজ্য জুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালু হয়েছে। সোমবার সকাল থেকেই শিলিগুড়ির উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) বাসগুলিতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো ।

রাজ্য সরকারের স্বীকৃত বৈধ পরিচয়পত্র দেখিয়ে মহিলারা এদিন বিনামূল্যে বাসে চেপে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন । নতুন এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যায় । দিন গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো পরিদর্শনে পৌঁছান ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুউদ্দিন আহমেদ এবং শিলিগুড়ির মহকুমা শাসক ।

তারা সরেজমিনে খতিয়ে দেখেন মহিলারা সঠিকভাবে বিনামূল্যের পরিষেবা পাচ্ছেন কি না। পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতার কথাও শোনেন। এদিন প্রশাসনের পক্ষ থেকে মহিলাদের হাতে চকলেট তুলে দেওয়ার ঘটনাও দেখা যায় , যা যাত্রীদের মধ্যে বাড়তি আনন্দের সঞ্চার করে ।

ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুউদ্দিন আহমেদ বলেন, “আজ থেকে যে পরিষেবা রাজ্যে চালু হয়েছে, তার ফলে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবেন । পাশাপাশি শহরের ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে পুলিশ প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।” নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ । বিশেষ করে কর্মজীবী ও নিত্যযাত্রী মহিলাদের কাছে এই পরিষেবা বড় স্বস্তি এনে দেবে বলেই মনে করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version