Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Merit : কৃতি বিদ্যার্থী মেধা সম্মান প্রদান করলেন সুকান্ত মজুমদার
উত্তরবঙ্গ জীবনধারা

Merit : কৃতি বিদ্যার্থী মেধা সম্মান প্রদান করলেন সুকান্ত মজুমদার

শিলিগুড়ি , ২৪ মে : শিলিগুড়ির সেবক রোডে শতাব্দী সদনে আজ অনুষ্ঠিত হল “কৃতি বিদ্যার্থী মেধা সম্মান ২০২৬” প্রদান অনুষ্ঠান । বিদ্যাভারতী উত্তরবঙ্গের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার , বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিদ্যাভারতী উত্তরবঙ্গের একাধিক কার্যকর্তা ও বিশিষ্ট ব্যক্তিত্ব ।

আজ সকালেই কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান সুকান্ত মজুমদার । সেখান থেকে সরাসরি তিনি শতাব্দী সদনের অনুষ্ঠানে যোগ দেন। মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের উপর গুরুত্ব আরোপ করেন। কৃতি পড়ুয়াদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভেচ্ছাও জানান তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক বিষয়েও মন্তব্য করেন সুকান্ত মজুমদার । বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন , রাজ্যে কোনও বাংলাদেশি চিহ্নিত হলে পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেবে এবং পরবর্তী পদক্ষেপ নেবে বিএসএফ । তার বক্তব্য , যারা ভারতবর্ষের নাগরিক নয় , তাদের জন্য দেশের করদাতাদের অর্থ ব্যয় করা উচিত নয় ।

একইসঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে তিনি জানান , পশ্চিমবঙ্গ সরকার বেসরকারি স্কুলগুলির উপরও নজরদারি বাড়াবে এবং সেখানে দেশ প্রেমমূলক গান বা বন্দেমাতরম গাওয়া হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে।

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি , অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌর নিগমের চিঠির উত্তর দিচ্ছেন , এটাকেই বাংলার মানুষের বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি। তার কথায় , “অভিষেকের ঔদ্ধত্য কমেছে । আইনের কাছে সবাই সমান।”

সব মিলিয়ে শিক্ষা , সমাজ ও রাজনীতির একাধিক বার্তা উঠে আসে আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে। শতাব্দী সদনে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই ছিল ব্যাপক উৎসাহ ও ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version