শিলিগুড়ি , ২০ ফেব্রুয়ারী : এ বছর গরমের ছুটিতে পর্যটকদের জন্য বাড়তি রোমাঞ্চের আয়োজন করতে চলেছে ডিএইচআর ।
হেরিটেজ টয়ট্রেন ভ্রমণের সঙ্গে পাহাড়ি প্রকৃতি , বনভূমি , ট্রেকিং , চা-বাগান ও গোর্খা জনজাতির সংস্কৃতির মেলবন্ধনে চালু হচ্ছে তিনটি নতুন বিলাসবহুল চার্টার্ড পরিষেবা। বনদপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে এই ধরনের আয়োজন দেশে এই প্রথম বলে জানা গিয়েছে ।
বিলাসবহুল চার্টার্ড পরিষেবার সবচেয়ে আকর্ষণীয় ‘মহারানী গ্রেট এসকেপ’। ১৯২০ সালে ইন্দিরা দেবীর এক গোপন রাত্রিযাত্রার ঐতিহাসিক ঘটনাকে ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ভ্রমণপথ । দার্জিলিং সফরে এসে উইন্ডমেয়ার হোটেলে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইন্দিরা দেবী । আচমকা সেখান থেকে পূর্ণিমার রাতে টয়ট্রেনে সমতলে ফিরে আসেন তিনি।মার্চ মাস থেকে প্রতি পূর্ণিমায় এই চার্টার্ড পরিষেবা মিলবে । বিকেল সাড়ে পাঁচটায় দার্জিলিং থেকে যাত্রা শুরু হবে । পথে তিনধারিয়া , ট্রেনে তিব্বতি চা , রঙটং ও সুকনা হয়ে গুলমায় পৌঁছে লোকসংস্কৃতির নাচগান ও নৈশভোজের আয়োজন থাকবে । চাঁদের আলোয় চা পাতা তোলার দৃশ্যও উপভোগ করা যাবে ।
দ্বিতীয় পরিষেবা ‘বাঘিরা জঙ্গল ট্রেইল’ চালু হচ্ছে কার্শিয়াং বনবিভাগের সহযোগিতায় । টুং থেকে কার্শিয়াং পর্যন্ত এই বিশেষ যাত্রায় সকাল দশটায় ডাউহিলে সমবেত হয়ে বনকর্মীদের সঙ্গে প্রায় দু’ঘন্টার ট্রেকিংয়ের সুযোগ পাবেন পর্যটকরা । ট্রেকিং রুট বেছে নেওয়ার স্বাধীনতাও থাকবে ।
ভ্রমণ সূচিতে থাকবে ফরেস্ট মিউজিয়াম , হেভেন ভিউ পয়েন্ট এবং শতাব্দী প্রাচীন বৌদ্ধ মঠ দর্শন । পরে কার্শিয়াং স্টেশন থেকে টয়ট্রেনে মহানদী হয়ে নেতাজি সুভাষচন্দ্র মিউজিয়াম পরিদর্শন করানো হবে । নিরাপত্তার জন্য বনকর্মী ও গাইড থাকবে ।
তৃতীয় পরিষেবা ‘টি টিম্বার ট্রেইল’ সুকনা থেকে তিনধারিয়া পর্যন্ত চলবে । সুকনা থেকে চার্টার্ড টয়ট্রেন রওনা দিয়ে রংটংয়ে শিপাহি ঝোড়া টি গার্ডেন এলাকায় থামবে। সেখানে চা পাতা তোলা , চা কারখানা পরিদর্শন ও টি-টেস্টিংয়ের সুযোগ পাবেন পর্যটকরা। পাশাপাশি স্থানীয় খাবার ও হস্তশিল্প সামগ্রী কেনাবেচার ব্যবস্থাও থাকবে।
